• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

মসজিদে বিয়ে, বরের সঙ্গে ছবি প্রকাশ শবনম ফারিয়ার

মসজিদে বিয়ে, বরের সঙ্গে ছবি প্রকাশ শবনম ফারিয়ার

বিনোদন ডেস্ক

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শুক্রবার ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউয়ের একটি মসজিদে তিনি ও তানজিম তৈয়ব-এর বিয়ে সম্পন্ন হয়। পরিবারের ঘনিষ্ঠজন ও কয়েকজন আত্মীয়-স্বজনের উপস্থিতিতে সীমিত আয়োজনে সম্পন্ন হয় আনুষ্ঠানিকতা।

বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বরের সঙ্গে ছবি প্রকাশ করেন ফারিয়া। নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন,
“বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল—আতঙ্কের চেয়ে কিছু কম নয়। নানা অভিজ্ঞতার পর ভেবেছিলাম, হয়তো আর বিয়ে করব না। তবে সময়ের প্রবাহ আর পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই অধ্যায় আমার জীবনে এলো।”

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে মসজিদে উপস্থিত অতিথিদের বাদাম ও খেজুর আপ্যায়ন করেন নবদম্পতি। ফারিয়ার স্বামী তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করার পর বর্তমানে তিনি দেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

অভিনেত্রী জানান, হঠাৎ সিদ্ধান্তে বিয়ে হওয়ায় তাঁর একমাত্র ননদ উপস্থিত থাকতে পারেননি। তবে ভবিষ্যতে সহকর্মী ও ঘনিষ্ঠজনদের নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।

শবনম ফারিয়া মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন। এরপর টেলিভিশন নাটকে জনপ্রিয়তা পান। অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। ২০১৮ সালে তিনি ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন। প্রায় দুই বছর পর তাঁদের বিচ্ছেদ ঘটে।

ফারিয়া ও তানজিম তৈয়বের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন ভক্ত ও সহকর্মীরা।

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৩এএম, ঢাকা-বাংলাদেশ।