• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

সর্দি-কাশির ঘরোয়া নিরাময়

সর্দি-কাশির ঘরোয়া নিরাময়

ফিচার ডেস্ক

বর্ষাকাল চলছে। হুটহাট বৃষ্টিতে ভিজে ঠাণ্ডা-জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে এই সময়ে। বিশেষ করে যারা ঘরের বাইরে কাজ করে তাদের সর্দি-কাশিতে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। আবার বাড়িতে থাকা বয়ষ্ক ও শিশুরাও বর্ষায় সর্দি-কাশিতে আক্রান্ত হয়। বর্ষাকালে ঘরবাড়ি ও পরিবেশ স্যাঁতস্যেঁতে থাকে, যে কারণে এসব সংক্রমণ বেশি হয়।

স্বাস্থ্যবিশেষজ্ঞরা বলছেন, সর্দি-কাশি হলে নিজেরা ঘরে বসেই নিরাময় করা সম্ভব। প্রাকৃতিক উপাদানগুলোর যথাযথ ব্যবহার সাধারণ সর্দি-কাশি ও জ্বর থেকে সুরক্ষা দেয়। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত নিবন্ধে সর্দি-কাশি দূর করার ঘরোয়া উপায় নিয়ে বলা হয়েছে-

লেবু-মধু: এক গ্লাস কুসুম গরম পানিতে লেবুর রস ও এক চামচ মধু মিশিয়ে পান করলে সর্দি-কাশি দ্রুত সেরে যায়। মধু শ্বাসযন্ত্রের ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং লেবু কফ পাতলা করতে সহায়ক।

লবণ মিশ্রিত পানি: সর্দি-কাশি নিরাময়ে লবণ পানি দারুণ কাজ করে। লবণ শ্বাসযন্ত্র থেকে কফ দূর করতে ব্যাপক কার্যকরী, যা গবেষণায় প্রমাণিত। এক গ্লাস কুসুম গরম পানিতে এক চা চামচ লবণ মিশিয়ে সেই পানি দিয়ে কয়েকবার গারগেল বা কুলকুচি করুন।

গরম পানির ভাপ: সর্দি-কাশি দূর করতে ফুটন্ত গরম পানিতে মেন্থল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। গরম পানির পাত্রের মুখ কাপড় দিয়ে ঢেকে উড়ন্ত ভাপের ওপর মুখ রেখে ঘন ঘন শ্বাস নিন। দিনে দুই বার ১০ মিনিট করে এই ভাপ নিলে সর্দি-কাশি খুব দ্রুত নিরাময় হবে।

আদা: সর্দি-কাশি নিরাময়ে এক গ্লাস পানিতে এক টুকরা আদা মিশিয়ে ৫-১০ মিনিট ফুটিয়ে নিন। ফুটানো আদা পানি ঠাণ্ডা করে দিনে অন্তত তিনবার পান করুন। সর্দি-কাশি পালাবে।

হলুদ: হলুদে থাকে কারকুমিন নামক উপাদান, যা বুকের ভেতরে জমে থাকা ভারি কফ পাতলা করতে সহায়ক। তাই, হলুদ মিশ্রিত পানি পান করলে বুকের ব্যথা ও শ্বাসকষ্ট দ্রুত নিরাময় হয়। কুসুম গরম পানিতে এক চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে পান করা যেতে পারে।

গোলমরিচ: এক চা চামচ গোলমরিচের গুঁড়ো, লবঙ্গ গুঁড়ো দুধ অথবা মধুর সঙ্গে মিশিয়ে দিনে তিনবার পান করুন। এই পানীয়টি দ্রুত কাশি ও সর্দি নিরাময় করে।

পেঁয়াজ: কুসুম গরম পানিতে পেঁয়াজের রস, লেবুর রস ও মধু মিশিয়ে পান করুন। দিনে তিন থেকে চারবার ব্যবহার করলে দারুণ উপকার পাওয়া যায়।

 

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।

১০ আগস্ট ২০২৩, ০১:৩৭পিএম, ঢাকা-বাংলাদেশ।