• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

‘ট্রোজান ব্যাকডোর’ দিয়ে নিয়ন্ত্রণ নেয়া হয়েছিল জামায়াত আমীরের ডিভাইস

‘ট্রোজান ব্যাকডোর’ দিয়ে নিয়ন্ত্রণ নেয়া হয়েছিল জামায়াত আমীরের ডিভাইস

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে বিতর্কিত পোস্টের নেপথ্যে 'টার্গেটেড সাইবার হামলা'র প্রমাণ মিলেছে।

ফ্যাক্ট-চেক প্রতিষ্ঠান 'দ্য ডিসেন্ট'-এর এক অনুসন্ধানে দেখা গেছে, বঙ্গভবনের একজন কর্মকর্তার দাপ্তরিক ইমেইল ব্যবহার করে জামায়াত নেতাদের ডিভাইসে শক্তিশালী ম্যালওয়্যার পাঠানো হয়েছিল।

অনুসন্ধান অনুযায়ী, গত ৫ ও ১০ জানুয়ারি রাষ্ট্রপতির কার্যালয়ের (বঙ্গভবন) সহকারী প্রোগ্রামারের ভেরিফাইড ইমেইল (assistantprogrammer@bangabhaban.gov.bd) থেকে জামায়াতের বিভিন্ন দপ্তরে 'ইলেকশন কেস স্টাডি' নামক ফাইল পাঠানো হয়। ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণে ফাইলটির ভেতরে 'ট্রোজান ব্যাকডোর' ম্যালওয়্যারের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

গুগলের সাবেক প্রকৌশলীসহ দেশি-বিদেশি পাঁচজন আইটি বিশেষজ্ঞ এই ফাইলটি বিশ্লেষণ করেছেন। বিশেষজ্ঞরা জানান, এটি একটি Advanced Persistent Threat (APT) পর্যায়ের হামলা। এই ম্যালওয়্যারটি ডিভাইসে প্রবেশ করলে হ্যাকার দূর থেকে সেটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারে। এতে কোনো ওটিপি (OTP) বা ইমেইল অ্যালার্ট ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে অনুপ্রবেশ ও পোস্ট করা সম্ভব।

অনুসন্ধানে আরও দেখা যায়, ৩১ জানুয়ারি আমিরের বিতর্কিত পোস্টের আগেও জামায়াতের একাধিক নেতার ফেসবুক ও টেলিগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা চালানো হয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, হ্যাকাররা শনাক্তকরণ এড়াতে অত্যন্ত উচ্চমানের এনকোডিং প্রযুক্তি ব্যবহার করেছে, যা সাধারণ অ্যান্টিভাইরাস ধরতে সক্ষম নয়। এই ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে নতুন করে সাইবার নিরাপত্তার গুরুত্ব ও রাষ্ট্রীয় ইমেইল ব্যবহারের ঝুঁকি নিয়ে বড় প্রশ্ন তুলেছে।

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৬পিএম, ঢাকা-বাংলাদেশ।