দেশ গঠনে শিক্ষার্থীদের সহনশীল ও গঠনমূলক রাজনীতির চর্চা করতে হবে: ড. এনামুল হক
সহনশীলতা ও গঠনমূলক রাজনীতির চর্চার মাধ্যমে দেশ গঠনে শিক্ষার্থীদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কেবল জ্ঞানার্জনের স্থান নয়, এটি নেতৃত্ব বিকাশেরও সেরা ক্ষেত্র।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রদলের সাবেক নেতাকর্মীদের সংগঠন ‘সাস্টিয়ান জাতীয়তাবাদী ফোরাম’ আয়োজিত দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
তরুণ প্রজন্মের প্রতি আহ্বান
ড. এনামুল হক চৌধুরী বলেন, “সাস্টিয়ান জাতীয়তাবাদী ফোরামের আত্মপ্রকাশের মাধ্যমে শিক্ষার্থীরা দেশপ্রেম, নৈতিকতা ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম তৈরি করেছে, যা প্রশংসনীয়। মুক্তচিন্তা ও গঠনমূলক রাজনীতির চর্চায় এই ফোরাম শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে। জাতীয় স্বার্থ রক্ষা ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে এই সংগঠন অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
অনুষ্ঠানে বিশিষ্টজনদের উপস্থিতি
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ-আইন সম্পাদক অ্যাডভোকেট মো. জয়নাল আবেদীন মেজবাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু।
এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী ও প্রফেসর ড. মো. সাজেদুল করিম, নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল, রয়েল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. রফিকুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. লতিফুল বারী।
সাস্টিয়ান জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ও যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক (চায়না) সরদার এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক এম এ রাকিব।
অন্যান্য অংশগ্রহণকারী
অনুষ্ঠানে শাবিপ্রবির অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী ও অধ্যাপক মাহবুবুর রশিদসহ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন নেতৃবৃন্দের মধ্যে আব্দুল হাই চৌধুরী শানু, কামরুল হাসান মিঠু, ইমরান হোসেন ভূঁইয়া, মামুনুর রশিদ শান্ত, মোস্তাফিজুর রহমান খান, নাজমুল হুদা শাহীন, নাসের আহমেদ সাজিদ, হাবিবুর রহমান ফাহিম, জুবায়ের, বায়েজিদ খান, কামাল হোসেন, মেহেদী হাসান রাসেল, সাহাদাৎ হোসেন টিপু, হাবীব মেহেদী, নাজমুল এবং মনির হোসেনসহ সংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।