ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে লড়তে চান রিফাত
ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আল মানার গ্রুপ ও রিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান সিরাজুম মুনির রিফাত।
শনিবার (৭ মার্চ) ময়মনসিংহের ফুলপুর উপজেলার স্থানীয় হাজী কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় তিনি এ আগ্রহ প্রকাশ করেন।
অনুষ্ঠানে লিখিত বক্তব্যে সিরাজুম মুনির রিফাত বলেন, "ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি রিফাত ফাউন্ডেশনের মাধ্যমে আমি দীর্ঘ দিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। আমার স্বপ্ন ফুলপুরকে একটি আধুনিক, উন্নত ও শিক্ষাবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলা।"
তিনি আরও জানান, জনসেবার পরিধি আরও বিস্তৃত করতে এবং এলাকার তরুণদের কর্মসংস্থান ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই তিনি নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে তিনি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।