• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

কারাগারে শাহ্ শহীদ সারোয়ার: ভোটের মাঠে স্ত্রী ভাই

কারাগারে শাহ্ শহীদ সারোয়ার: ভোটের মাঠে স্ত্রী ভাই

মীর লিপু, ফুলপুর প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বইছে নির্বাচনী হাওয়া। এক মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন শাহ্ শহীদ সারোয়ার। তাঁর অনুপস্থিতিতে নির্বাচনী মাঠে রয়েছেন স্ত্রী সৈয়দা নিগার সুলতানা, ছোট ভাই শাহ তারেক ইসকান্দরসহ শুভাকাঙ্ক্ষীগণ।

শুক্রবার সাপ্তাহিক অভিভাবকের সাথে আলাপ কালে শাহ তারেক বলেন, "আমার বড় ভাই ষড়যন্ত্রমূলক ও ঠুনকো মামলার শিকার। যে সময়ে মামলার ঘটনা দেখানো হয়েছে, তখন তিনি ঢাকায় ছিলেন। এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক পলিসি হতে পারে, যার কবলে আমরা পড়েছি।"

তিনি আরও জানান, আদালতের প্রক্রিয়া নিয়ে আইনজীবীরা কাজ করছেন। তারা আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। শাহ শহীদ সারোয়ারের মুক্তি এবং নির্বাচনী প্রচারণায় জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে বলে তিনি দাবি করেন।

উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য শাহ্ শহীদ সারোয়ার বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় এক মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন।

নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে শাহ তারেক বলেন, "জয়ের স্বপ্ন সবাই দেখে, এমনকি যারা তৃতীয় অবস্থানে আছে তারাও ভাবে দুই প্রার্থীর ভোট কাটাকাটিতে তারা পাশ করে যাবে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। ফুলপুর-তারাকান্দার সাধারণ মানুষ শান্তি চায়। আমরা আমাদের কর্মী-সমর্থকদের স্পষ্ট নির্দেশ দিয়েছি, কোনো উস্কানিতে কান না দিয়ে শান্তি বজায় রাখতে। আমরা একটি উৎসবমুখর ও গোছানো নির্বাচনের স্বপ্ন দেখছি।"

ময়মনসিংহ-২ আসনে শাহ্ শহীদ সারোয়ার এবার 'ঘোড়া' প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। উনার কারাবাসের বিষয়টি এই আসনে আলোচনার মূল কেন্দ্রে পরিণত হয়েছে, যা সাধারণ ভোটারদের মধ্যে এক ধরনের সহানুভূতি ও আবেগের জন্ম দিয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

শাহ্ শহীদ সারোয়ার ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে ময়মনসিংহ–২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে বহুল আলোচিত ও বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। এ কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে তাঁকে বহিষ্কার করা হয়। এর আগে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ‘নাঙ্গল’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

ফুলপুর থানার রোডে বিএনপি নেতা শাহ শহীদ সারোয়ারের বাসভবন ও নির্বাচনী কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এক চাঞ্চল্যকর দাবি করেছেন সাবেক বিএনপি নেতা খলিলুর রহমান মন্ডল। তিনি জানান, শাহ শহীদ সারোয়ারের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী আমীর হোসেনের বাড়ি নালিতাবাড়ীতে—যা খলিলুর রহমানের শ্বশুরবাড়ি এলাকা।

খলিলুর রহমান মন্ডল বলেন, "আমি সরাসরি আমীর হোসেনের সাথে কথা বলেছি। তিনি স্বীকার করেছেন যে, একটি বিশেষ পক্ষ টাকার বিনিময়ে এই মামলায় সারোয়ার ভাইকে আসামি করিয়েছে। সেই টাকা দিয়ে আমীর হোসেন ইতোমধ্যে একটি অটোরিকশা এবং একটি স্মার্টফোনও কিনেছেন। আমার কাছে এর অডিও রেকর্ড সংরক্ষিত আছে।"

তবে অভিযোগের বিষয়ে সরব থাকলেও, গত ৫ আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে শাহ শহীদ সারোয়ার ফুলপুর-তারাকান্দার সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে নতুন কোনো পদক্ষেপ নিয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান মন্ডল কোনো মন্তব্য না করে নীরব থাকেন।

২৪ জানুয়ারি ২০২৬, ০৫:২২এএম, ঢাকা-বাংলাদেশ।