অক্টোবরে বিএনপির প্রার্থী তালিকা, বিরোধপূর্ণ আসনে চলছে সমঝোতার বৈঠক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। দলের নীতিনির্ধারণীরা অক্টোবরের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করতে চান। বিশেষ করে অভ্যন্তরীণ বিরোধপূর্ণ আসনগুলোতে প্রার্থীদের নিয়ে বৈঠক চলছে, যাতে বিদ্রোহী প্রার্থী হওয়ার ঝুঁকি এড়ানো যায়। এ লক্ষ্যে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে রাজশাহী ও রংপুর বিভাগ এবং এ জেড এম জাহিদ হোসেনকে বরিশাল ও কুমিল্লার দায়িত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতিমধ্যে বরিশাল, কুমিল্লা ও রাজশাহীর বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক হয়েছে। গুলশানের কার্যালয়ে ডাকা এসব বৈঠকে দলীয় ঐক্য বজায় রাখা এবং মনোনয়ন–পরবর্তী সমর্থন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে। নেতাদের স্পষ্ট নির্দেশ—যে–ই প্রার্থী হোন, সবাইকে তাঁর পক্ষে কাজ করতে হবে।
এদিকে শরিক দলগুলোর জন্য আসন ছাড় ও প্রার্থিতা চূড়ান্ত করার কাজও দ্রুত শেষ করতে চায় বিএনপি। প্রার্থী বাছাইয়ে এবার তৃণমূলের মতামত, আন্দোলনে সক্রিয়তা ও জনসম্পৃক্ততাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। এছাড়া তারেক রহমানের নির্দেশে গোপনে করা জরিপ প্রতিবেদনও বিবেচনায় আসবে।
দলীয় সূত্র মতে, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ বিএনপি প্রাথমিক তালিকা প্রকাশ করতে পারে। এরপর ধাপে ধাপে সাক্ষাৎকার ও মূল্যায়নের মাধ্যমে চূড়ান্ত মনোনয়ন নির্ধারণ হবে।